দক্ষিণ ত্রিপুরার জোড়া সাফল্য: ‘পরিচ্ছন্ন হোস্টেল, সবুজ হোস্টেল’ অভিযানে রাজ্যসেরা চাতকছড়ি

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৯ আগস্ট || রাজ্য স্তরের ‘পরিচ্ছন্ন হোস্টেল, সবুজ হোস্টেল’ (Clean Hostel, Green Hostel) অভিযানে নজরকাড়া সাফল্য অর্জন করল দক্ষিণ ত্রিপুরা জেলা। পরিচ্ছন্নতা, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর আবাসিক পরিবেশের স্বীকৃতি হিসেবে রাজ্য স্তরে সেরার তালিকায় জায়গা করে নিয়েছে জেলার দুটি হোস্টেল।
বয়েজ হোস্টেল বিভাগে প্রথম স্থান অর্জন করেছে সাব্রুম মহকুমার চাতকছড়ি ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এসটি বয়েজ হোস্টেল। পাশাপাশি গার্লস হোস্টেল বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে গাদ্দাং এসটি গার্লস হোস্টেল।
আগরতলায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত রাজ্য স্তরের বিশেষ অনুষ্ঠানে এই সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়। একই অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরার দুই হোস্টেলের এই কৃতিত্ব জেলার শিক্ষা ও আবাসিক পরিকাঠামোর ক্ষেত্রে বিশেষ গৌরব বয়ে আনে।
‘পরিচ্ছন্ন হোস্টেল, সবুজ হোস্টেল’ অভিযানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই আবাসিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষিণ ত্রিপুরার দুই হোস্টেলের এই সাফল্য আগামী দিনে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেলগুলির কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য স্তরের প্রতিযোগিতায় একই জেলার দুটি হোস্টেলের এমন সাফল্যে দক্ষিণ ত্রিপুরাজুড়ে গর্বের পরিবেশ তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*