জিবিপি হাসপাতালে রোগীর পরিজনদের জন্য ১০ টাকায় খাবার, ২০ টাকায় রাতযাপনের সুবিধা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট || জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে থাকা পরিজনদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল ত্রিপুরা সরকার। প্রায় ৪ কোটি ৯৯ লক্ষ টাকা ব্যয়ে জিবিপি হাসপাতালে নির্মাণ করা হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন ‘ভারতমাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার হাউস’।
বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা মাত্র ১০ টাকায় খাবার এবং ২০ টাকায় রাতে থাকার সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী বলেন, দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের পরিবারের সদস্যদের অনেক সময় থাকার ও খাবারের জন্য সমস্যায় পড়তে হয়। তাঁদের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েই এই আধুনিক ক্যান্টিন ও নাইট শেল্টার হাউস তৈরি করা হয়েছে। পাশাপাশি রোগীর পরিজনদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।
নতুন এই পরিষেবার যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য স্থানীয় জনপ্রতিনিধি-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী। সরকারের এই উদ্যোগে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিবারের সদস্যরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*