পাঁচ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ২৯ কোটি ১২ লক্ষ টাকা, পিএমশ্রী এডি নগর বিদ্যালয়ে নতুন ভবনের শিলান্যাস মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নে আরও একধাপ এগিয়ে গেল ত্রিপুরা। শুক্রবার আট টাউন বড়দোয়ালী এলাকার পিএমশ্রী এডি নগর উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর অলক রায়, আট টাউন মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, শিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাশাপাশি অনলাইন ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে একাধিক বিদ্যালয়ও অনুষ্ঠানে যুক্ত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সর্বাঙ্গীন বিকাশে পরিকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে নিরন্তর কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার।
তিনি জানান, এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার পিএমশ্রী এডি নগর উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়, বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং হাঁপানীয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের শিলান্যাস করা হয়েছে। পাঁচটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে মোট প্রায় ২৯ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এদিন ভার্চুয়াল মাধ্যমে পুর নিগম এলাকায় ‘নকশা’ পাইলট প্রজেক্টের সূচনা করা হয়। পাশাপাশি রাজ্যের ২৪০টি বিদ্যালয়ে নতুন ক্লাসরুম সুবিধার উদ্বোধন করা হয়।
সরকারের এই উদ্যোগের ফলে বিদ্যালয়গুলির পরিকাঠামো আরও উন্নত হবে এবং ছাত্রছাত্রীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে। নতুন ভবন ও শ্রেণিকক্ষ নির্মাণের মাধ্যমে বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ আরও সুসংহত করার পাশাপাশি ভবিষ্যতে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*