আগরতলা চিত্তরঞ্জন এলাকায় চাঞ্চল্যকর চুরির মূল ‘মাস্টারমাইন্ড’কে ধাওয়া করে মোট দু’জনকে গ্রেফতার করল পূর্ব থানা ও গন্ডাছড়া থানার পুলিশ

গোপাল সিং, খোয়াই, ২২ আগস্ট || গত ১১ই আগষ্ট, রাজধানী আগরতলার চিত্তরঞ্জন এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনার কিনারা করলেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার এবং তাঁর নেতৃত্বে পুলিশ। এই সাফল্যে গন্ডাছড়া থানা অগ্রণী ভুমিকা নিয়েছে। প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজও। তল্লাশিতে মূল অভিযুক্ত ও সাগরেদ সহ উদ্ধার হয়েছে স্বর্ণালঙ্কার, ল্যাপটপ সহ বহু মূল্যবান সামগ্রী। ওসি কৃষ্ণধন সরকার এর আগে খোয়াই থানায় কর্তব্যরত অবস্থায় থাকাকালীন খোয়াইতে সিরিজ চুরি বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। এবার নতুন ঠিকানা হিসাবে রাজধানী আগরতলায় পূর্ব থানা এলাকাকে ক্রাইমমুক্ত করতে তিনি কোমর বেঁধে মাঠে নেমেছেন বলেই অভিমত জনগণের।
রাজধানীতে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং ল্যাপটপ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা ও ‘মাস্টারমাইন্ড’ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে উঠে এসেছে দাগী চোরের চেহার। আগরতলা পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকারের দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত ট্র্যাকিং এবং গন্ডাছড়া থানার যৌথ অভিযানে গভীর রাতে এই অভাবনীয় সাফল্য এসেছে। দুই জেলা পেরিয়ে ধাওয়া করে এই বিপজ্জনক দুষ্কৃতীকে গ্রেফতারের ঘটনায় দীর্ঘদিন পর রাজ্যবাসী ত্রিপুরা পুলিশের এক নিখুঁত ও সাহসী তদন্তের সাক্ষী থাকল।
আগরতলা পূর্ব থানা সূত্রে জানা গেছে, চুরির ঘটনার পর থেকেই দুষ্কৃতীর সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে ডিজিটাল ট্র্যাকিং শুরু করেন ওসি কৃষ্ণধন সরকার। নিখুঁত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ধলাই জেলার গন্ডাছড়া থানাধীন নারায়ণবাড়ী বিসলিঘাট এলাকায় আত্মগোপন করে রয়েছে। এতটুকু ভুলচুক হলেই দুষ্কৃতী সীমানা পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হতো। ফলে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
গত গভীর রাতে (প্রায় ২:৩০ মিনিটে) আগরতলা পূর্ব থানার নির্দেশনায় গন্ডাছড়া থানার সাব-ইন্সপেক্টর (SI) রাকেশ দেববর্মা, স্থানীয় পুলিশ ও টিএসআর (TSR) বাহিনীর এক যৌথ দল নারায়ণবাড়ী বিসলিঘাট এলাকায় চিরুনি অভিযান চালায়। আচমকা এই অভিযানে অভিযুক্তকে ঘেরাও করে ফেলে পুলিশ এবং তাকে হাতেনাতে ধরে ফেলে। গ্রেফতারকৃত মূল অভিযুক্তের বাড়ি আমবাসা টিআরটিসি পাড়া এলাকায় বলে জানা গেছে।
দুটি জেলার ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে এত দ্রুত ও নিখুঁতভাবে অভিযান সম্পন্ন করায় আগরতলা পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার এবং গন্ডাছড়া থানার পুলিশ টিমের পেশাদারিত্ব ও সাহসিকতা সর্বত্র প্রশংসিত হচ্ছে। গ্রেফতারকৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চালাচ্ছ পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*