আপডেট প্রতিনিধি, শান্তির বাজার, ২২ আগস্ট || বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান কাউসোরাম রিয়াংকে দুই যুবক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বাইখোড়া সবজি বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
জানা যায়, কাউসোরাম রিয়াং পেশায় মাংস ব্যবসায়ী। এদিন মাংস নিয়ে বাইখোড়া বাজারে যাওয়ার পথে পেছন থেকে দুই যুবক তাঁর উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তির দাবি, দুই যুবক মিলে তাঁকে মারধর করে গুরুতরভাবে আহত করে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়।
আহত অবস্থায় কোনোভাবে নিজেকে রক্ষা করে তিনি বাইখোড়া থানায় গিয়ে ঘটনার বিষয়ে পুলিশকে জানান। পরবর্তীতে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।
আক্রান্ত কাউসোরাম রিয়াংয়ের অভিযোগ, হামলায় জড়িত দুই যুবক হলেন বিজন ও সুজন, যারা বাইখোড়া বাজারে মরিচের ব্যবসা করেন। তাঁর দাবি, এর আগে লক্ষ্মীছড়া বাজারে ব্যবসার জায়গা নিয়ে বিজন বনিকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জেরেই তাঁর উপর হামলা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার বিষয়ে বাইখোড়া থানায় অভিযোগ জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন কাউসোরাম রিয়াং। একই সঙ্গে সংবাদমাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্তের আবেদন জানান তিনি।
অভিযোগের ভিত্তিতে বাইখোড়া থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে এবং ঘটনার প্রকৃত কারণ কী, এখন সেদিকেই নজর রয়েছে। তবে অভিযুক্ত বিজন ও সুজনের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
