দক্ষিণ ত্রিপুরায় ১৫৮ কৃষকের হাতে মিনি পাওয়ার টিলার, কৃষিকাজে আধুনিকীকরণের উদ্যোগ

বলরাম দেবনাথ, সাব্রুম, ২২ আগস্ট || দক্ষিণ ত্রিপুরা জেলার কৃষকদের আর্থিক উন্নয়ন এবং কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগে কৃষকদের মধ্যে মিনি পাওয়ার টিলার ও আধুনিক কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতি এবং দক্ষিণ জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৯টি গ্রাম পঞ্চায়েতের মোট ১৫৮ জন নির্বাচিত কৃষকের হাতে এসব কৃষি সরঞ্জাম তুলে দেওয়া হয়।
ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মাইলাফ্রু মগ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শান্তিপ্রিয় ভৌমিক, সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিক এবং এলাকার কৃষকেরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, কৃষকদের কল্যাণ এবং তাঁদের আয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। কৃষিকাজকে আরও সহজ, দ্রুত ও লাভজনক করে তুলতে আধুনিক কৃষি যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দক্ষিণ ত্রিপুরা জেলার কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল কৃষকদের কাছে পৌঁছে দিতে জিলা পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক মাইলাফ্রু মগ সরকারের কৃষকবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি কৃষকদের সরকারি সহায়তায় পাওয়া আধুনিক যন্ত্রপাতি যথাযথভাবে ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান তিনি।
আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কৃষকদের হাতে মিনি পাওয়ার টিলার ও অন্যান্য কৃষি সরঞ্জাম তুলে দেন। সরকারি সহায়তায় আধুনিক কৃষি যন্ত্রপাতি পেয়ে কৃষকদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। তাঁদের আশা, এই যন্ত্রপাতির ব্যবহারে কৃষিকাজের শ্রম ও সময় কমার পাশাপাশি কৃষি উৎপাদন এবং আয়ও বৃদ্ধি পাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*