বলরাম দেবনাথ, সাব্রুম, ২২ আগস্ট || ত্রিপুরার শিক্ষাঙ্গনে ফের সাফল্যের নতুন পালক। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ (রাষ্ট্রপতি পুরস্কার)-এর জন্য নির্বাচিত হয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম পি. এম. শ্রী দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। তাঁর এই জাতীয় স্বীকৃতিতে গর্বিত দক্ষিণ ত্রিপুরা তথা সমগ্র রাজ্যের শিক্ষক সমাজ।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রঞ্জন দেবনাথের এই সম্মান দক্ষিণ ত্রিপুরা জেলার গৌরবকে আরও একধাপ উঁচুতে তুলে ধরেছে। তাঁর এই সাফল্যের মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার কৃতী শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় যুক্ত হলো আরও একটি উজ্জ্বল নাম।
জানা যায়, রঞ্জন দেবনাথের আগে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আরও চারজন শিক্ষক ও প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাইখোড়ার বিশিষ্ট শিক্ষক মনোজ কান্তি সরকার। বিলোনিয়ার দুই কৃতী ব্যক্তিত্ব অশোক মিত্র ও সন্তোষ দেবনাথও এই সম্মান অর্জন করেছেন। এছাড়া প্রাথমিক শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য মনু বংকুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা শ্রীমতি কামফূ মগ রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন।
এবার সেই গৌরবময় তালিকায় পঞ্চম নাম হিসেবে যুক্ত হতে চলেছে সাবরুমের শিক্ষক রঞ্জন দেবনাথের নাম। তাঁর এই জাতীয় স্বীকৃতি শুধু সাবরুম মহকুমা বা দক্ষিণ ত্রিপুরার জন্য নয়, সমগ্র ত্রিপুরার শিক্ষা জগতের কাছেই অত্যন্ত গর্বের বিষয়।
রঞ্জন দেবনাথের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাঁর এই অর্জন আগামী দিনে রাজ্যের শিক্ষক সমাজ ও ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে আরও নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় শিক্ষক পুরস্কারের মতো সর্বোচ্চ সম্মানে রঞ্জন দেবনাথের সম্মানিত হওয়ার খবরে দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন মহল থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
