প্লাস্টিক নয়, পরিবেশবান্ধব রাখি তৈরি করে তাক লাগালেন উদীয়মান নারী উদ্যোক্তা লিপি ভৌমিক, স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন গ্রামীণ নারীদের

গোপাল সিং, খোয়াই, ২৭ আগস্ট || বর্জ্য থেকেই তৈরি হচ্ছে বিস্ময়কর শিল্পকলা। খোয়াই ব্লকের অধীন পশ্চিম সোনাতলা গ্রামের উদীয়মান নারী উদ্যোক্তা লিপি ভৌমিক নিজের সৃজনশীলতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসন্ন রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে পরিবেশ সুরক্ষার বার্তা দিতে তিনি গোবর এবং পাট দিয়ে তৈরি করেছেন প্রায় ৩০০টিরও বেশি পরিবেশবান্ধব ও সম্পূর্ণ জৈব রাখি। প্লাস্টিকের তৈরি পরিবেশ-ক্ষতিকর রাখির বদলে এই পরিবেশবান্ধব রাখি এখন স্থানীয় বাজারে দারুণ জনপ্রিয়তা লাভ করছে। লিপি ভৌমিকের এই অগ্রযাত্রায় রয়েছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্র-এর প্রত্যক্ষ অবদান। তাঁদের সহযোগিতায় ও উপযুক্ত প্রশিক্ষণ পেয়ে লিপি দেবী শুধু নিজেকেই স্বাবলম্বী করেননি, বরং গ্রামের আরও ১২ জন মহিলাকে স্ব-সহায়ক দলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভরতার পথ দেখিয়েছেন।
তাঁর নিজস্ব উদ্যোগে নিজের বাড়িতেই তৈরি হচ্ছে উন্নত গুণমানসম্পন্ন পরিবেশবান্ধব রাখি, মাটির প্রদীপ, নানা ধরনের প্রতিমা ও পরিবেশবান্ধব ধূপকাঠি। উৎপাদিত এই পণ্য সামগ্রী সঠিক উপায়ে বাজারজাত করার মূল দায়িত্ব নিয়েছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, যার ফলে উৎপাদিত সামগ্রীর বিক্রয় নিয়ে শিল্পীদের কোনো দুশ্চিন্তা করতে হচ্ছে না। পশ্চিম সোনাতলা গ্রামের এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত চক্রবর্তী। তিনি জানান, লিপি ভৌমিকের এই সংগ্রাম ও উদ্ভাবনী প্রচেষ্টা পুরো গ্রামকে এক নতুন আশার আলো দেখাচ্ছে। উপযুক্ত সরকারি সহায়তা, দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রম থাকলে যে গ্রামীণ নারীরাও সমাজের মূল স্রোতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেন—লিপি ভৌমিকের এই উদ্যোগ তারই জ্বলন্ত প্রমাণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*