আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট || ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন জাতীয়তাবাদ ইস্যুতে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিক্ষোভের সময় জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের হাতে জাতীয় পতাকার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
বিধানসভা সূত্রে জানা যায়, অধিবেশন চলাকালীন জাতীয়তাবাদ ইস্যুতে শাসক দলের বিধায়ক ও মন্ত্রীরা জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিধায়ক অভিষেক দেবরায়ের হাতে থাকা জাতীয় পতাকা কিছুক্ষণের জন্য উল্টো অবস্থানে দেখা যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর তাঁরা দ্রুত পতাকার অবস্থান সংশোধন করেন এবং পরবর্তীতে সঠিকভাবেই জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।
তবে এই সাময়িক ভুলকেই রাজনৈতিক ইস্যুতে পরিণত করে বিরোধীরা। তাঁদের বক্তব্য, জাতীয় পতাকার মতো রাষ্ট্রীয় প্রতীকের ক্ষেত্রে অসতর্কতার কোনও সুযোগ নেই। ফলে বিষয়টি নিয়ে বিধানসভার অন্দরে ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
অন্যদিকে, ঘটনাকে ঘিরে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিরোধীদের সমালোচনা করেন। ভিডিও বার্তায় তিনি এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআই(এম)-এর রাজনৈতিক প্রচারের বিরোধিতা করেন এবং বিরোধীদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।
শাসক ও বিরোধী—দুই শিবিরের পাল্টাপাল্টি বক্তব্যে জাতীয় পতাকা ঘিরে বিধানসভায় তৈরি হয়েছে নতুন রাজনৈতিক তরজা। অধিবেশনের মূল কার্যক্রমের পাশাপাশি ঘটনাটি এখন রাজনৈতিক বিতর্কের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
