বলরাম দেবনাথ, সাব্রুম, ৩১ আগস্ট || নারী অধিকার, সুরক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল ত্রিপুরা মহিলা কমিশন। সোমবার পোয়াংবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর কমিউনিটি হলে নারীদের বিভিন্ন সমস্যা ও সচেতনতা বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাঁদের বিভিন্ন সমস্যার আইনি ও সামাজিক সমাধানের বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনি বালা বৈদ্য এবং ব্লকের বিডিও দীপক দাস। বক্তারা গ্রামীণ এলাকার নারীদের অধিকার রক্ষা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা তাঁদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নারীদের আইনি সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শ্রীনগর ফাঁড়ি থানার পুলিশ ইনচার্জ স্বপন চন্দ্র মল্ল। পাশাপাশি মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন আইসিডিএস-এর সুপারভাইজার চিন্ময় দেবনাথ।
ত্রিপুরা মহিলা কমিশনের মেম্বার সেক্রেটারি পল্লবী রায় এবং কমিশনের সদস্য নমিতা দেববর্মা নারীদের আত্মনির্ভর হওয়ার পাশাপাশি যেকোনও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এদিনের কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী, ব্লকের আশা কর্মী, দিদিমণি এবং টিআরএলএম-এর স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা উল্লেখযোগ্য সংখ্যায় অংশগ্রহণ করেন। নারী সুরক্ষা, উন্নত স্বাস্থ্য পরিষেবা, সঠিক পুষ্টি এবং সময়মতো টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রত্যন্ত এলাকার নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মহিলা কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
