বলরাম দেবনাথ, সাব্রুম, ৩১ আগস্ট || ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়ামনস্কতা বৃদ্ধি, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার পাশাপাশি আত্মরক্ষার দক্ষতা বিকাশের লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরায় শুরু হলো জেলা স্তরের স্কুল জুডো প্রতিযোগিতা। সোমবার, ৩১ আগস্ট, সাব্রুম মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে চাতকছড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জুডো ইনডোর হলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বিভাগে বালক ও বালিকারা অংশগ্রহণ করে। খুদে জুডোকদের উৎসাহ ও উদ্দীপনায় এদিন চাতকছড়ি চত্বর হয়ে ওঠে জমজমাট।
ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলন ও রাষ্ট্রগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণজ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রতিযোগীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাব্রুম মহকুমা স্পোর্টস অফিসার জিমি দেববর্মা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি দীপক দত্ত খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, জুডোর মতো ক্রীড়া ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সাহস ও আত্মরক্ষার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে তিনি সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে বিলোনিয়ার মেয়ে অস্মিতা দে-র জুডোতে সোনা জয়ের সাফল্যের কথাও স্মরণ করেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সাব্রুম ও দক্ষিণ ত্রিপুরার মাটি থেকেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ উঠে আসবে।
জেলা স্তরের এই স্কুল জুডো প্রতিযোগিতাকে ঘিরে চাতকছড়ি এলাকায় এদিন উৎসবের আমেজ দেখা যায়। উদীয়মান জুডোকদের প্রতিযোগিতামূলক লড়াই ঘিরে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ।
