বলরাম দেবনাথ, সাব্রুম, ৩১ আগস্ট || সাফল্য ও উন্নয়নের নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করল দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতি। এই উপলক্ষে সোমবার ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি এদিন পবিত্র রাখিবন্ধন উৎসবও পালন করা হয়। ব্লকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে।
জনসাধারণের পরিষেবায় নিয়োজিত কর্মীদের কাজের প্রতি সম্মান জানিয়ে এদিন বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। বর্ষার মরশুমে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দায়িত্ব পালনকারী ঋষ্যমুখ ও বিলোনিয়া এলাকার ৩৪ জন বিদ্যুৎকর্মী এবং ৪০ জন মেট দিদির হাতে প্রয়োজনীয় রেইনকোট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নুরুজ জামান, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভু নাথ কর, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মিত্র-সহ ব্লকের অন্যান্য আধিকারিক, কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
বর্ষপূর্তি ও রাখি উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে উন্নয়ন, জনসেবা ও সামাজিক সম্প্রীতির বার্তা উঠে আসে।
