আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || ত্রিপুরার মাটি থেকে উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল স্থানীয় স্টার্টআপ GO GREEN PLUS। সংস্থার উদ্ভাবিত পরিবেশবান্ধব ‘VAYU’ Litter Picker-এর ডিজাইন ভারত সরকারের পেটেন্ট অফিসে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। সংস্থার পক্ষ থেকে এটিকে তাদের প্রথম Indian Design Registration হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভারত সরকারের পেটেন্ট অফিসের জারি করা Certificate of Registration of Design অনুযায়ী, ‘LITTER PICKER’-এর জন্য Design No. 510287-001 হিসেবে ২২ জুলাই ২০২৬ তারিখে নকশাটি নিবন্ধিত হয়েছে। এটি Designs Act, 2000 এবং Designs Rules, 2001-এর অধীনে নিবন্ধন করা হয়েছে। শংসাপত্রে ডিজাইনটি GO GREEN PLUS-এর নামে এবং ডঃ বিলাশ চন্দ্র রায় ও সামিক দাস-এর সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ রয়েছে।
GO GREEN PLUS-এর এই ‘VAYU’ Litter Picker মূলত রাস্তা, বাজার, ফুটপাত, পার্কসহ বিভিন্ন জনবহুল ও উন্মুক্ত জায়গায় ছড়িয়ে থাকা আবর্জনা সংগ্রহের কাজকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে তৈরি। যান্ত্রিক এই ব্যবস্থার মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের শারীরিক পরিশ্রম কমানোর পাশাপাশি দ্রুত ও নিরাপদে আবর্জনা সংগ্রহের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনসহ বিভিন্ন Urban Local Body (ULB)-এর পরিচ্ছন্নতা ব্যবস্থায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে শহরাঞ্চলে পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও স্মার্ট, নিরাপদ, কার্যকর ও পরিবেশবান্ধব করার ক্ষেত্রেও ‘VAYU’ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
ডঃ বিলাশ চন্দ্র রায় ও সামিক দাসের নেতৃত্বে GO GREEN PLUS ইতিমধ্যেই Startup India ও Startup Tripura-এর স্বীকৃতি পেয়েছে। ত্রিপুরার প্রয়োজনকে সামনে রেখে দেশীয় প্রযুক্তি ও বাস্তবসম্মত উদ্ভাবনের মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।
ত্রিপুরার একটি স্টার্টআপের উদ্ভাবন ভারত সরকারের স্বীকৃতি পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সংশ্লিষ্ট মহল। এই সাফল্য আগামী দিনে ত্রিপুরার তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের নতুনভাবে উৎসাহিত করবে বলেই মনে করা হচ্ছে। GO GREEN PLUS-এর এই অর্জনকে ত্রিপুরার উদ্ভাবনী শক্তি ও সম্ভাবনার এক গর্বের দৃষ্টান্ত হিসেবেই দেখছেন অনেকে।
