মনোনয়নের শেষ দিনে এনডিএ-র মেগা মিছিল, প্রার্থীদের মনোনয়ন পেশ, খোয়াই জেলার ১০০ শতাংশ আসনে জয়ের দাবি বিজেপি’র

গোপাল সিং, খোয়াই, ০৮ সেপ্টেম্বর || টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লক এলাকায় শক্তি প্রদর্শন করল শাসক এনডিএ জোট। মঙ্গলবার দুপুরে চাম্পাহাওড় ব্লক চৌমুহনী থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে এক সুবিশাল মিছিল বের হয়। মিছিলে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন।
মিছিলটি চাম্পাহাওড় ও সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে তুলাশিখর ব্লক কার্যালয়ের সামনে পৌঁছায়। এরপর রিটার্নিং অফিসারের কাছে বিজেপি প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নকে ঘিরে গোটা এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এদিনের মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, প্রদেশ সহ-সভাপতি তাপস মজুমদার এবং চাম্পাহাওড়-তুলাশিখর মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা। মিছিলে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও স্থানীয় উপজাতি মোর্চার কর্মী-সমর্থকদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
মিছিল শেষে বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস দাবি করেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সুসংগঠিত ঐক্যকে হাতিয়ার করে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোট খোয়াই জেলার ১০০ শতাংশ আসনেই বিপুল ভোটে জয়লাভ করবে।
মনোনয়নপর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চাম্পাহাওড় ও তুলাশিখর ব্লক এলাকায় এনডিএ জোটের নির্বাচনী প্রচার আরও জোরদার হয়েছে। আগামী দিনে প্রচার-প্রচারণায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*