বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর || রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় এবং শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াংয়ের উদ্যোগে এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। শনিবার শান্তির বাজার মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পরিদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল শান্তির বাজারে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ জেলা পরিবহন দপ্তরের (District Transport Office) নতুন ভবন। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে ভবনটির উদ্বোধন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
এছাড়াও রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় শান্তির বাজার ও জোলাইবাড়ি বাজারে নতুন করে মোটরস্ট্যান্ড নির্মাণের কাজও চলছে। এদিন মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিধায়ক প্রমোদ রিয়াংয়ের প্রচেষ্টায় মনুবাজারেও নতুন করে একটি মোটরস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে বর্তমানে এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে সেখানে পরিদর্শনে যাওয়া হচ্ছে না বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, নতুন জেলা পরিবহন দপ্তরের ভবন নির্মাণের ফলে পরিবহন সংক্রান্ত বিভিন্ন কাজে স্থানীয় মানুষকে যে সমস্যার সম্মুখীন হতে হতো, তা অনেকটাই দূর হবে। অত্যাধুনিক প্রযুক্তি ও পরিকাঠামোর মাধ্যমে শান্তির বাজারে মোটর ভেহিকেলস অফিস নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর দাবি, এই অফিস সমগ্র দক্ষিণ ত্রিপুরা জেলায় একটি উল্লেখযোগ্য নিদর্শন স্থাপন করবে।
এদিনের পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, ত্রিপুরা পরিবহন দপ্তরের যুগ্ম পরিবহন কমিশনার প্রদীপ সরকার, শান্তির বাজারের মহকুমাশাসক দীপিকা গৌতম, আইএএস, শান্তির বাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, জেলা পরিবহন আধিকারিক কমলাকান্ত, মোটর ভেহিকেলস ইন্সপেক্টর জহর রিয়াং, শান্তির বাজার আরডি দপ্তরের এক্সিকিউটিভ উকেন্দ্র রিয়াংসহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও অন্যান্যরা।
