যোগেন্দ্রনগরে গীতা দেবের সোনার হার ছিনতাই কাণ্ডে নতুন মোড়, হাত কেটে জিবি হাসপাতালে আত্মগোপন মূল মাস্টারমাইন্ড, পুলিশের জালে

গোপাল সিং, খোয়াই, ১৪ সেপ্টেম্বর || রাজধানীর যোগেন্দ্রনগরে অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতা দেবের গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় তদন্তে বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। প্রথম অভিযুক্তকে গ্রেফতারের পর এবার তদন্তের সূত্র ধরে ছিনতাই কাণ্ডের মূল মাস্টারমাইন্ডকেও জালে তুলেছে পুলিশ। ঘটনাকে ঘিরে নতুন তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের ঘটনায় প্রথম অভিযুক্তকে গ্রেফতারের পর তার কাছ থেকে ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরই তদন্ত আরও গভীরে নিয়ে যান পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার। তদন্তে পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ তথ্য। জানা যায়, ছিনতাই হওয়া সোনার হারটি অন্য এক ব্যক্তির কাছে গচ্ছিত ছিল এবং সেটি বিক্রির পরিকল্পনাও করা হয়েছিল।
তদন্তকারীদের দাবি, পুলিশের নজর এড়াতে ওই ব্যক্তি নিজের হাত কেটে আহত হওয়ার নাটক করে জিবি হাসপাতালে ভর্তি হয়ে আত্মগোপন করেছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পর শনিবার রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং তাকে নিজেদের হেফাজতে নেয়।
এরপর পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ছিনতাই হওয়া সোনার হার উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে প্রথম অভিযুক্তকে গ্রেফতারের পর তদন্তের ধারাবাহিকতায় এবার মূল মাস্টারমাইন্ডকে আটক করা পুলিশের তদন্তে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। গোটা ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পূর্ব আগরতলা থানার পুলিশ।
তবে তদন্ত চলায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*