হাওড়া নদীর তীরে নতুন রূপে আগরতলা, উদ্বোধন হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || আগরতলা শহরের ঐতিহ্য, সভ্যতা ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা হাওড়া নদীকে কেন্দ্র করে শহরের সৌন্দর্যায়ন ও নাগরিক পরিষেবায় যুক্ত হলো নতুন মাত্রা। স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় প্রায় ৯৬ কোটি টাকা ব্যয়ে স্মার্ট সিটি মিশনের আওতায় গড়ে তোলা হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আনন্দঘন পরিবেশে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে হাওড়া নদীর তীরবর্তী এলাকায় একদিকে যেমন সৌন্দর্যায়ন হয়েছে, অন্যদিকে নাগরিকদের অবসরযাপন ও বিনোদনের জন্য তৈরি হয়েছে আধুনিক ও প্রাণবন্ত জনপরিসর।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া নদী আগরতলা শহরের ঐতিহ্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই নদীকে সুরক্ষিত রাখার পাশাপাশি শহরের প্রাণকেন্দ্রে নাগরিকবান্ধব পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, অত্যাধুনিক এই ব্যবস্থাপনায় শিশু থেকে শুরু করে প্রবীণ—সকল বয়সের মানুষের বিনোদন ও অবসরযাপনের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়েছে। এর ফলে শহরবাসীর জন্য হাওড়া নদীর তীর একটি আকর্ষণীয় জনপরিসরে পরিণত হবে।
প্রকল্পের মাধ্যমে আগরতলা শহরের সৌন্দর্যায়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নদীর পরিবেশ সংরক্ষণ, নাগরিকদের জন্য উন্মুক্ত পরিসর তৈরি এবং শহরের নান্দনিকতা বৃদ্ধির ক্ষেত্রে হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*