গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || গত ১লা ফেব্রুয়ারী ২০২৬, আমরাই প্রথম সংবাদ প্রকাশ করেছিলাম এবং খোয়াই জেলা হাসপাতাল কর্তৃপক্ষের চরম উদাসীনতায় হাসপাতালের ঝুঁকিপূর্ণ দেওয়ালের অবস্থার কথা ও তুলে ধরেছিলাম। ৭ মাস পর জেলা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার মাশুল গুণতে হলো সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে নামমাত্র সতর্কতা ফ্লেক্স ঝুলিয়ে রাখা খোয়াই জেলা হাসপাতালের বিপজ্জনক বাউন্ডারি ওয়ালটি অবশেষে ভেঙে গুড়িয়ে পড়ল মূল রাস্তার ওপর। শুক্রবার রাতে সামান্য বৃষ্টির পরই বহু পুরনো ও হেলে থাকা দেওয়ালের একটি বিরাট অংশ ধসে পড়ে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মোটরসাইকেল এবং রাস্তার পাশের কয়েকটি দোকানের অংশ। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র খোয়াই শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ও প্রশাসনিক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
জনগণের অভিযোগ, বাউন্ডারি ওয়ালটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বিপজ্জনক ও হেলে থাকা অবস্থায় ছিল। ইতিপূর্বে আমরা এই নিউজটি জনসমক্ষে তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও, এই ঝুঁকিপূর্ণ প্রাচীরের ছবি ও খবর পরিবেশন করে প্রশাসন ও গণপূর্ত দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হয়নি।
অভিযোগ, স্থায়ী মেরামত বা পুনর্নির্মাণের উদ্যোগ না নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দেওয়ালে কেবল একটি ‘ঝুঁকিপূর্ণ সতর্কীকরণ’ ফ্লেক্স সেঁটেই নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলেছিল। পূর্ত দপ্তরও সব জেনে শুনে নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছে।
শুক্রবার রাতে সামান্য বৃষ্টির প্রভাব সহ্য করতে না পেরে প্রাচীরটির একটি বড় অংশ সশব্দে প্রধান রাস্তার ওপর ভেঙে পড়ে। ভাগ্যক্রমে ঘটনাটি রাতে ঘটায় পথচলতি মানুষের প্রাণহানি না হলেও, ওয়ালের নিচে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং সংলগ্ন বেশ কয়েকটি ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর সকালেই দুর্ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, যেখানে প্রতিদিন শত শত সাধারণ মানুষ ও রোগী যাতায়াত করেন। বড় ধরণের প্রাণহানি বা বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কেন ঝুঁকিপূর্ণ প্রাচীরটি ভেঙে নতুন করে তৈরি করা হলো না—তা নিয়ে এখন প্রশ্নবাণে বিদ্ধ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ও পূর্ত দপ্তর। জনগণের দাবি, অবিলম্বে প্রশাসনিক উদ্যোগে সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে হবে এবং দ্রুত নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করতে হবে।
