৪০৬ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৬ জন, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকটের প্রতিবাদে এসএফআই’র ডেপুটেশন

গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || খোয়াই শহরের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে প্রকট হয়ে উঠেছে শিক্ষক সংকট। তীব্র শিক্ষক সংকটের স্থায়ী সমাধান ও দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এক স্মারকলিপি প্রদান করে ভারতের ছাত্র ফেডারেশন (SFI) খোয়াই বিভাগীয় কমিটি। ডেপুটেশন প্রদানকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই প্রতিষ্ঠানের কঙ্কালসার ও ভয়াবহ পরিকাঠামোগত চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে প্রাতঃ বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৪০৬ জন, কিন্তু তাদের পড়ানোর জন্য শিক্ষক রয়েছে মাত্র ৬ জন! শিক্ষক সংকট এতটাই চরম আকার ধারণ করেছে যে, বাধ্য হয়ে একই সময়ে একজন শিক্ষককে দুটি ভিন্ন শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে। এর ফলে পঠনপাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ছে।
সংগঠনের পক্ষ থেকে ৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। তাদের মূল দাবিগুলি হলো, অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা, বিদ্যালয়ের চরম শিক্ষক সংকটের স্থায়ী সমাধান করা এবং প্রতিটি ছাত্রছাত্রীর জন্য মানসম্মত ও নিয়মিত শিক্ষার সুপরিবেশ নিশ্চিত করা। এদিনের এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, বিভাগীয় সভানেত্রী সায়ন্তনিকা দেব, রাজ্য কমিটির সদস্য সৈকত দাস, বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অরিত্র নন্দী এবং বিভাগীয় কমিটির সদস্য পাপাই দেব। ছাত্র নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা না হলে আগামী দিনে সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে সংগঠন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*