বনবাজার ও আশারামবাড়ীতে এনডিএ-র বিশাল নির্বাচনী সভা, ২০২৮ সাল পর্যন্ত জোট বহাল রাখার বার্তা, যৌথ প্রচারে বিজেপি ও তিপ্রামথা

গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে নির্বাচনী প্রচার ক্রমেই তীব্র হয়ে উঠছে। শুক্রবার তুলাশিখর আরডি ব্লকের অন্তর্গত বনবাজার ও আশারামবাড়ী ভিলেজে এনডিএ জোট সমর্থিত প্রার্থীদের সমর্থনে পৃথক দুটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় বনবাজার এবং সন্ধ্যা ৬টায় আশারামবাড়ী বাজারে আয়োজিত সভায় বিজেপি ও তিপ্রামথার জেলা ও জোনাল স্তরের নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সহ-সভাপতি তথা খোয়াই জেলার প্রভারী তাপস মজুমদার, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, তিপ্রামথার খোয়াই জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা, বিজেপির আশারামবাড়ী মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা, বিজেপি খোয়াই জেলা সম্পাদক মাধব চক্রবর্তী, জেলা সহ-প্রভারী প্রশান্ত সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় স্থানীয় নেতৃত্ব দুই ভিলেজে বিজেপি ও তিপ্রামথার আসন সমঝোতার বিষয়টি তুলে ধরেন। আশারামবাড়ী ভিলেজের মোট ৯টি আসনের মধ্যে সমঝোতা অনুযায়ী বিজেপি ৭টি এবং তিপ্রামথা ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিপ্রামথার দুটি আসনের প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি আসনগুলিতে মূলত সিপিআই(এম) ও নির্দল প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
অন্যদিকে, বনবাজার ভিলেজের ৯টি আসনের মধ্যে বিজেপি ৬টি এবং তিপ্রামথা ৩টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে বিজেপির দুইজন এবং তিপ্রামথার তিনজন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অবশিষ্ট আসনগুলিতে মূলত নির্দল প্রার্থীদের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বলে সভায় জানানো হয়।
বক্তব্য রাখতে গিয়ে তিপ্রামথার খোয়াই জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা বলেন, বিজেপি ও তিপ্রামথার মধ্যে গড়ে ওঠা রাজনৈতিক সমঝোতা সাময়িক নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, এই জোট ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস তাঁর বক্তব্যে সিপিআই(এম) ও কংগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল, বর্তমানে জনগণের প্রত্যাখ্যানে তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারাকে এগিয়ে নিয়ে যেতে বিজেপি ও তিপ্রামথা সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।
এদিনের সভায় তাপস মজুমদার, প্রশান্ত সিনহা-সহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। নির্বাচনের আগে প্রতিটি বুথে বিজেপি ও তিপ্রামথার কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রচারে নামার আহ্বান জানানো হয়। ফলে ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে বনবাজার ও আশারামবাড়ী এলাকায় এনডিএ-র যৌথ প্রচার আরও জোরদার হলো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*