বলরাম দেবনাথ, সাব্রুম, ২৯ সেপ্টেম্বর || সাব্রুমের বটতলা গ্রাম পঞ্চায়েতের বিজয়নগরের ৬২ কার্ড এলাকায় প্রায় ৬০-৭০টি পরিবারের বসতবাড়িতে চড়াও হয়ে ঘরবাড়ি ও রাবার বাগান ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে লীলাগড় চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘবদ্ধভাবে লীলাগড় চা বাগান কর্তৃপক্ষের লোকজন ওই এলাকায় গিয়ে বসতবাড়িগুলিতে চড়াও হন। তাঁদের দাবি, সংশ্লিষ্ট জমি লীলাগড় চা বাগান কর্তৃপক্ষের এবং সেখানে বসবাসকারীদের এলাকা ছেড়ে দিতে হবে।
অভিযোগ, এই সময় কয়েকটি পরিবারের ঘরবাড়ি এবং রাবার বাগান ক্ষতিগ্রস্ত করা হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে দালিপ দাস, লক্ষ্মী দেবনাথ, অমল দেবনাথ-সহ আরও বেশ কয়েকটি পরিবার রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার দাবিতে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার সাব্রুম থানায় আশ্রয় নেয়। খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয়দের অভিযোগ, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তবে মঙ্গলবারের ঘটনার প্রকৃত কারণ এবং জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পাশাপাশি লীলাগড় চা বাগান কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে।
