NHM কর্মীদের ১৫ দফা দাবি নিয়ে আট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে রাজ্যের আটটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করল ন্যাশনাল হেলথ মিশন ইউনাইটেড ফোরাম, ত্রিপুরা-র প্রতিনিধিদল। বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলাগুলিতে এই প্রতিনিধিত্বমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন ফোরামের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সম্মান জানিয়ে বরণ করা হয় এবং NHM কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত দাবিপত্র তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় NHM কর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো, সামাজিক সুরক্ষা, ছুটি, পদোন্নতি এবং পেশাগত উন্নয়নসহ একাধিক ক্ষেত্রে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে কর্মীদের স্বার্থে মোট ১৫ দফা দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।
ফোরামের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—ত্রিপুরার সকল NHM কর্মীকে যথাযথ নিয়মিতকরণ নীতির আওতায় এনে চাকরি নিয়মিত করা অথবা সমকাজে সমবেতন নীতি অনুযায়ী সরকারি কর্মীদের সমতুল্য বেতন কাঠামো চালু করা। পাশাপাশি সকল NHM কর্মীর জন্য অভিন্ন ও কার্যকর HR Policy প্রণয়নের দাবিও জানানো হয়েছে।
সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে EPF, সমন্বিত স্বাস্থ্যবিমা, মহার্ঘ ভাতা (DA), সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি এবং কর্মীর মৃত্যুর ক্ষেত্রে Die-in-Harness Assistance চালুর দাবি জানিয়েছে ফোরাম। দীর্ঘদিন কর্মরত কর্মীদের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে Experience Bonus ও Rationalization Benefit-এর ব্যবস্থার দাবিও রয়েছে।
এছাড়াও অব্যবহৃত ও সঞ্চিত বিশেষ ছুটি সর্বোচ্চ ৩০০ দিন পর্যন্ত Leave Encashment-এর সুযোগ, Community Health Officers (CHOs)-দের Performance-Based Incentive (PBI) বেতনের সঙ্গে একীভূত করা, সকল NHM কর্মীর জন্য Career Progression ও Promotion-এর সুযোগ এবং মহিলা কর্মীদের Child Care Leave (CCL) চালুর দাবি জানানো হয়েছে।
ফোরামের দাবির তালিকায় আরও রয়েছে সকল NHM কর্মীর জন্য ২০ হাজার টাকা Festival Advance, সরকারি কর্মীদের অনুরূপ Restricted Holiday, NHM কর্মীদের Service Age ৭০ বছর পর্যন্ত সম্প্রসারণ এবং অষ্টম বেতন কমিশনের সুবিধা NHM কর্মীদের ক্ষেত্রেও কার্যকর করার দাবি।
একইসঙ্গে ২০২৩ সালে প্রস্তাবিত/সংশোধিত বেতন কাঠামো এবং TRLM-এ গৃহীত বিধান অনুযায়ী NHM কর্মীদের জন্য ন্যায্য, অভিন্ন, যৌক্তিক ও স্বচ্ছ বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। কর্মীদের দায়িত্ব ও কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে সমতুল্য সরকারি পদবী প্রদান এবং NHM-এর অধীনে থাকা সমস্ত শূন্যপদ দ্রুত নিয়োগের মাধ্যমে পূরণের দাবিও রয়েছে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এই ১৫ দফা দাবির মূল উদ্দেশ্য হল NHM কর্মীদের চাকরির নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, সামাজিক মর্যাদা, কর্মক্ষেত্রে ন্যায্য সুযোগ এবং ভবিষ্যৎ পেশাগত উন্নয়ন নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা NHM কর্মীদের স্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
সাক্ষাৎকালে সংশ্লিষ্ট মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা ফোরামের প্রতিনিধিদের বক্তব্য ও দাবিগুলি মনোযোগ সহকারে শোনেন। ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা দাবিগুলির প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এই প্রতিনিধিদলের সাক্ষাৎ ও দাবিপত্র প্রদানকে কেন্দ্র করে NHM কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*