সৃজনশীলতার স্বীকৃতিতে ফের ‘স্যন্দন শারদ সম্মান’, ত্রয়োদশ বর্ষের আয়োজন শুরু, আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৩ অক্টোবর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || শারদোৎসবের সৃজনশীলতা, নান্দনিকতা ও শিল্পভাবনাকে সম্মান জানাতে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ত্রয়োদশ বর্ষের ‘স্যন্দন শারদ সম্মান ২০২৬’। ২০১৩ সালে পথচলা শুরু করা এই ঐতিহ্যবাহী আয়োজন এ বছর ১৩তম বর্ষে পদার্পণ করেছে। শুক্রবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের আয়োজনের সূচনা ঘোষণা করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাণ কনস্ট্রাকশন সার্ভিসেসের পক্ষে আকাশদীপ বৈদ্য ও শুভ্রজিৎ চৌধুরী, ক্রীড়া সম্পাদক সরযূ চক্রবর্তী, ডিরেক্টর অভিষেক দে এবং ফটো এডিটর অরিন্দম দে। গত ১২ বছর ধরে স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির যৌথ উদ্যোগে এই সম্মান প্রদান করা হয়ে আসছে। এবারের আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ‘নির্মাণ কনস্ট্রাকশন’।
এবারের প্রতিযোগিতায় মোট ১০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ‘সেরার সেরা’, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, আবাসন পুজো এবং ‘সম্পাদকের পছন্দ’ বিভাগ। এছাড়াও বাজেটের ভিত্তিতে বড়, মাঝারি ও ছোট—বিভিন্ন বিভাগে পুরস্কারের ব্যবস্থা থাকছে।
এবারের শারদ সম্মানের বিচারকমণ্ডলীতে রয়েছেন গ্রাফিক্স ডিজাইনার নভোজ্যোতি ভারতী, ত্রিপুরা সরকারি আর্ট কলেজের অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য, শিল্পী জয়ন্ত দেব এবং স্বাধীন চিত্রশিল্পী ঈশিতা দাস।
ইচ্ছুক ক্লাব ও সামাজিক সংগঠনগুলি স্যন্দন পত্রিকা কার্যালয় থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৬। দুর্গোৎসব শেষে আগামী ১৫ নভেম্বর এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
শারদোৎসবের মণ্ডপসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা ও সামগ্রিক সৃজনশীলতাকে আরও উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*