আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৩ অক্টোবর || আগামী ৫ই অক্টোবর ত্রিপুরা রাজ্যে এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের গণনা ও ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বোকাফা ব্লকে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। গণনাকে ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশে গণনার কাজ সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই শনিবার সন্ধ্যা ৫টায় বোকাফা ব্লকের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়।
রিটার্নিং অফিসার তথা বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পালের উদ্যোগে আয়োজিত বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে গণনার দিন কোন কোন ব্যালট পেপার বৈধ হিসেবে গণ্য হবে এবং কোন কোন ব্যালট পেপার বাতিল বা রিজেক্ট করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি গণনাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ, গণনা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা এবং ফলাফল প্রকাশের পর ৫ অক্টোবর কোনও ধরনের জমায়েত না করার বিষয়েও আলোচনা হয়। রিটার্নিং অফিসার মনোজ পাল গণনার বিভিন্ন নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের অবহিত করেন। আলোচ্য বিষয়গুলিতে উপস্থিত সকলেই সহমত পোষণ করেন।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা। এছাড়া আইনি বিষয় ও গণনাকেন্দ্র সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে উপস্থিত সকলকে সচেতন করেন শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত এবং মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস।
বৈঠকে উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন, ভোটগ্রহণের মতোই আগামী ৫ অক্টোবর গণনার কাজও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। রিটার্নিং অফিসার মনোজ পালের নেতৃত্বে ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর এবার গণনাও নির্বিঘ্নে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিনের সর্বদলীয় বৈঠক শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বৈঠক শেষে আলোচ্য বিষয়গুলি নিয়ে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার তথা বোকাফা ব্লকের বিডিও মনোজ পাল।
