যাত্রীর ভুলে যাওয়া ব্যাগে ৮০ হাজার টাকা, ফোন করে ব্যবসায়ীকে ডেকে ফেরত দিলেন অটোচালক, প্রশংসায় পঞ্চমুখ সকলেই

গোপাল সিং, খোয়াই, ০৪ অক্টোবর || সততা ও মানবিকতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উদয়পুরের সাধারণ এক অটো রিকশা চালক। অটোতে ফেলে যাওয়া ব্যাগের ভেতরে থাকা নগদ ৮০ হাজার টাকা লোভের বশে নিজের কাছে না রেখে, খোঁজাখুঁজি করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত গড়লেন অটোচালক আক্তার হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিট নাগাদ মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর উদয়পুর রমেশ চৌমুহনী থেকে একটি অটোরিকশায় ওঠেন। তাঁর গন্তব্য ছিল কাকরাবন মোটরস্ট্যান্ড। রাত ৯টা নাগাদ কাকরাবন মোটরস্ট্যান্ডে পৌঁছে তিনি যথারীতি গাড়ি থেকে নেমে যান। তবে তাড়াহুড়ো করতে গিয়ে নিজের সাথে থাকা গুরুত্বপূর্ণ টাকার ব্যাগটি অটোরিকশার পেছনের আসনেই ফেলে রেখে চলে যান ওই ব্যবসায়ী।
রবিবার সকালে উদয়পুর রাজধরনগর এলাকার বাসিন্দা তথা অটো রিকশাচালক আক্তার হোসেন প্রতিদিনের মতো নিজের অটোরিকশাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে পেছনের আসনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। ব্যাগটি কার তা নিশ্চিত হতে সেটি খুলতেই চক্ষু চড়কগাছ! ভেতরে থরে থরে সাজানো নগদ নোটের বান্ডিল, গুনে দেখা যায় প্রায় ৮০ হাজার টাকা রয়েছে ব্যাগটিতে।
বিপুল পরিমাণ টাকা দেখেও বিন্দুমাত্র প্রলোভনে পা দেননি আক্তার হোসেন। ব্যাগের ভেতর তন্নতন্ন করে খুঁজে একটি ফোন নম্বর পান তিনি। সেই নম্বরে তৎক্ষণাৎ যোগাযোগ করা হলে জানা যায়, ব্যাগটি মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধরের। শনিবার রাত থেকে সারা জীবনের কষ্টার্জিত টাকা হারিয়ে তীব্র মানসিক উৎকণ্ঠায় ভুগছিলেন তিনি।
টাকার সন্ধান পেয়ে রবিবার সকাল ৯টা নাগাদ মেলাঘর থেকে উদয়পুরে ছুটে আসেন ব্যবসায়ী রতন সূত্রধর। পরবর্তীতে রাজারবাগ গর্জনমুড়া অটোরিকশা স্ট্যান্ডে স্থানীয় শ্রমিক সংগঠন ও সহকর্মী অটোরিকশাচালকদের উপস্থিতিতে সম্পূর্ণ টাকা আক্তার হোসেন নিজ হাতে ব্যবসায়ী রতন সূত্রধরের সমর্পণ করেন। হারিয়ে যাওয়া বিশাল অংকের টাকা ফেরত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ব্যবসায়ী এবং আক্তার হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আর্থিক টানাটানির সংসারে থেকে পেশায় অতি সাধারণ এক অটোচালক হয়েও আক্তার হোসেনের এই নিঃস্বার্থ সততা ও মহৎ মানবিক নৈতিকতা আজ গোটা উদয়পুর সহ রাজ্যবাসীর হৃদয়ে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। স্থানীয় অটো শ্রমিক সংগঠন ও সুশীল সমাজ তাঁর এই কর্মকে কুর্নিশ জানাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*