নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৪ অক্টোবর || ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক প্রায় ১২ ঘণ্টা আগে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সাব্রুম মহকুমার কলাছড়া এলাকার প্রসন্ন রোজাপাড়া। এক বিজেপি সমর্থককে লাঠি দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে এক সিপিআইএম সমর্থকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, কলাছড়া কালীবাজার এলাকার বাসিন্দা খচিন্দ্র ত্রিপুরা (২৭) ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় সুন্দরাম ত্রিপুরা-র সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একসময় বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে অভিযোগ, সুন্দরাম ত্রিপুরা একটি লাঠি দিয়ে খচিন্দ্র ত্রিপুরার মাথায় সজোরে আঘাত করেন। আঘাতের জেরে খচিন্দ্র ত্রিপুরা মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা করা হয়।
আহত খচিন্দ্র ত্রিপুরার অভিযোগ, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন আগে সুন্দরাম ত্রিপুরা তাঁকে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন। এমনকি বিজেপিকে ভোট দিলে তাঁর হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত খচিন্দ্র ত্রিপুরা ও অভিযুক্ত সুন্দরাম ত্রিপুরা সম্পর্কে কাকা-ভাতিজা। ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগের রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও নজর রাখছে পুলিশ ও প্রশাসন।
