চোরের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ, রাবার চুরি করতে এসে হাতেনাতে আটক যুবক, পালিয়ে গেল আরও একজন

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ অক্টোবর || চুরির দৌরাত্ম্যে অতিষ্ঠ দক্ষিণ ত্রিপুরার সাধারণ মানুষ। এরই মধ্যে গভীর রাতে রাবার চুরি করতে এসে স্থানীয়দের হাতে হাতেনাতে আটক হলো এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাব্রুমের দোলবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দোলবাড়ি এলাকার একটি বাড়িতে রাবার চুরির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে বলে অভিযোগ। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তাদের ধাওয়া করা হয়। সেই সময় একজন যুবককে আটক করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন মনু এলাকার বাসিন্দা।
আটক যুবকের কাছ থেকে একটি লোহা কাটার মেশিন-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। পাশাপাশি নেশা সেবনে ব্যবহৃত সামগ্রী ‘কোট্টা’ও পাওয়া গেছে বলে জানা যায়।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগেও ওই একই বাড়ি থেকে রাবার চুরি হয়েছিল। এরপর ফের একই জায়গায় চুরির চেষ্টা হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। আটক যুবককে ঘিরে উত্তেজনা তৈরি হলে স্থানীয়রা তাকে আটকে রেখে সাব্রুম থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও TSR জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক যুবককে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয় সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকায় রাবার, ছাগল-সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয়দের দাবি। তবে এসব অভিযোগ ও মামলার বিষয়টি পুলিশের পক্ষ থেকে সরকারি ভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না।
এদিকে, এলাকায় বারবার একই ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে একই ব্যক্তিরা ফের চুরির ঘটনায় জড়িয়ে পড়ছে?
পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, কোথায় কোথায় চুরির ঘটনা ঘটেছে এবং পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় কী—তা খতিয়ে দেখছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাব্রুম থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*