আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর || ধর্মীয় রীতি-নীতি ও প্রথা মেনে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে সম্পন্ন হলো বিজয়া দশমীর পূজা। শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে দেবী দুর্গাকে বিদায় জানানোর মুহূর্তে আবেগ, আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতিতে মুখরিত হয়ে ওঠে দুর্গাবাড়ি প্রাঙ্গণ।
বিজয়া দশমী উপলক্ষে দুর্গাবাড়িতে বিশেষ পূজার আয়োজন করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে মাকে বরণ করে বিদায় জানানোর পালা শুরু হয়। এদিন মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সিঁদুরের রাঙা রঙে রঙিন হয়ে ওঠে দুর্গাবাড়ির পরিবেশ। একে অপরকে সিঁদুর পরিয়ে, শুভেচ্ছা বিনিময় করে এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন তাঁরা।
তবে উৎসবের আনন্দের মাঝেও মাকে বিদায় জানানোর মুহূর্তে অনেকের চোখে দেখা যায় জল। দীর্ঘ প্রতীক্ষার পর মর্ত্যে আগমন ঘটেছিল উমার। কয়েক দিনের আনন্দ-উৎসব শেষে আবারও কৈলাসে ফিরে যাওয়ার পালা। তাই একদিকে যেমন সিঁদুর খেলার উচ্ছ্বাস, অন্যদিকে তেমনই ছিল মাকে বিদায় জানানোর গভীর আবেগ।
সবশেষে দুর্গাবাড়ি প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয় সেই চিরপরিচিত প্রত্যাশা— “আসছে বছর আবার হবে!” মায়ের কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানিয়ে বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবকে বিদায় জানালেন ভক্তরা।
