খোয়াই শহরে জোড়া মদের কাউন্টার ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন, এক জায়গায় বেপরোয়া খুচরো বিক্রি, অন্যদিকে ধরপাকড়—দ্বিচারিতার অভিযোগে ক্ষুব্ধ জনমন

গোপাল সিং, খোয়াই, ২১ অক্টোবর || শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সরকারি নিয়ম মেনে মদের কাউন্টারগুলি বন্ধ থাকার কথা থাকলেও খোয়াই শহরের বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। শহরের দুটি মদের কাউন্টারেই গোপনে দেদার খুচরো বিক্রি চলেছে বলে অভিযোগ। তবে এই বেআইনি বিক্রির বিরুদ্ধে পুলিশ প্রশাসনের নেওয়া পদক্ষেপ ঘিরে এবার তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও চরম অসন্তোষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরো পূজার দিনগুলিতে খোয়াই শহরের একটি নির্দিষ্ট মদের কাউন্টার থেকে অবাধে মদ বিক্রি হলেও সেই দিকে পুলিশের কোনো নজর বা হেলদোল ছিল না। অথচ অন্য কাউন্টারটি থেকে খুচরো বিক্রি হলেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন এবং তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ধরপাকড় করা হচ্ছে। একই শহরে ব্যবসা চালানো দুটি মদের কাউন্টারের ক্ষেত্রে কেন এই দ্বিচারিতা এবং পক্ষপাতমূলক আচরণ—তা নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই দ্বিচারিতার আবহেই সম্প্রতি খোয়াই থানার এএসআই বিমল দেববর্মা-র নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর দুর্গানগর এলাকায় এক বিশেষ মদ বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এলাকা থেকে মোট ৫৫ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মদের মালিক প্রিয়লাল সূত্রধর (৩৭), পিতা মতিলাল সূত্রধর, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযুক্তের বিরুদ্ধে পলাতক পিআর পেশ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। উৎসবের মরসুমে একটি পক্ষকে পরোক্ষ ছাড় দিয়ে অন্য পক্ষের ওপর চড়াও হওয়ার এই নীতি এবং পুলিশের এই দ্বিমুখী ভূমিকা নিয়ে খোয়াই শহরের সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*