পুজোর ভিড়ে হারিয়ে যাওয়া শিশুকন্যাকে পরিবারের হাতে তুলে দিল খোয়াই থানার পুলিশ, পুলিশের তৎপরতায় নিরাপদে বাড়ি ফিরল খুদে শিশু

গোপাল সিং, খোয়াই , ২১ অক্টোবর || শারদীয় দুর্গোৎসবের আনন্দমুখর পরিবেশে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি মানবিকতার নজির গড়ল খোয়াই থানার পুলিশ। পুজোর ভিড়ে পরিবারের সদস্যের কাছ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকন্যাকে উদ্ধার করে নিরাপদে তার বাবা-মায়ের হাতে তুলে দিল পুলিশ। খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) প্রজিত মালাকারের নেতৃত্বে পুলিশের এই তৎপরতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
পরিবারের সঙ্গে পুজোর মণ্ডপে ঘুরতে বেরিয়ে কোনও কারণে পরিবারের সদস্যের কাছ থেকে আলাদা হয়ে যায় শিশুটি। এরপর পথ হারিয়ে রাস্তার পাশে বসে কান্নাকাটি করতে থাকে সে। বুধবার ভোররাতে খোয়াই জেলার রামচন্দ্রঘাট বাজার এলাকায় দুর্গাপুজোর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের নজরে আসে বিষয়টি।
শিশুটিকে ওই অবস্থায় দেখে দ্রুত তার কাছে এগিয়ে যান পুলিশকর্মীরা। পরে খোয়াই থানার ওসি প্রজিত মালাকার ও তাঁর বিশেষ দল শিশুটির সঙ্গে কথা বলে তার পরিবারের সন্ধান শুরু করেন। শিশুটির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তার বাড়ির ঠিকানা শনাক্ত করা হয়।
এরপর বাইজালবাড়ি থানার অধীনস্থ এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে নিরাপদে ও অক্ষত অবস্থায় তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের সময়োচিত পদক্ষেপে স্বস্তি ফিরে আসে পরিবারের সদস্যদের মধ্যে।
উৎসবের মরসুমে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশের এই মানবিক উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে শিশুদের সুরক্ষা এবং বিপদের সময় দ্রুত সহায়তা প্রদানের ক্ষেত্রে খোয়াই থানার পুলিশের এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।
খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি শিশুদের সুরক্ষার বিষয়েও পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*