রামনগরে সাংবাদিকের উপর হামলা, একজন আটক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর || রামনগর ১ নম্বর রাস্তার যুব সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। গত ২০ অক্টোবর গভীর রাতে জলসার আসর চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগ, বাবার উপর হামলার ভিডিও করতে গেলে তাঁর ছেলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে দেওয়া হয়। আহত বাবা ও ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনায় পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের আশ্বাস দিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক। এই ঘটনায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার হাসপাতালে গিয়ে আক্রান্তদের খোঁজখবর নেন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারও আক্রান্ত সাংবাদিকের সঙ্গে দেখা করে ঘটনার নিন্দা জানান।
এদিকে, অভিযুক্তদের মধ্যে সম্রাট দেব, মানিক দেব, দেবাশীষ ভট্টাচার্য, শুভম কর্মকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, অভিজিৎ বর্মন ও সুপ্রদীপ গুপ্তের নাম সামনে এসেছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তসাপেক্ষ।
অন্যদিকে, রাত ১২টার পর উচ্চস্বরে মাইক বাজিয়ে জলসা করার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠান চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট অনুষ্ঠানের অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবিও উঠেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*