‘তিপ্রাসা অ্যাকর্ড’ বাস্তবায়নই একমাত্র এজেন্ডা, আগরতলায় ফিরে স্পষ্ট বার্তা প্রদ্যোৎ কিশোর দেববর্মার

গোপাল সিং, খোয়াই, ২৮ অক্টোবর || তিপ্রাসা জনগণের সাংবিধানিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং ঐতিহাসিক ‘তিপ্রাসা অ্যাকর্ড’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নই তাঁদের দলের একমাত্র এজেন্ডা। আগরতলায় ফিরে ফের এই অবস্থান স্পষ্ট করলেন তিপ্রামথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মা।
বুধবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোৎ দেববর্মা জানান, বর্তমানে তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘তিপ্রাসা অ্যাকর্ড’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। তাঁর মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে তা শুধু জনজাতি সম্প্রদায়ের জন্যই নয়, সমগ্র ত্রিপুরার উন্নয়ন ও কল্যাণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে জনজাতি সম্প্রদায়ের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, জনজাতিদের সাংবিধানিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যথাযথভাবে কার্যকর করা জরুরি।
সরাসরি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ত্রিপুরার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ এবং তিপ্রাসা জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে নিজের দায়িত্ব পালন করে যাবেন বলে জানান প্রদ্যোৎ দেববর্মা। তাঁর মতে, সক্রিয় রাজনীতির বাইরে থাকলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও জনজাতি সম্প্রদায়ের অধিকার নিয়ে আরও স্বাধীনভাবে কথা বলার সুযোগ থাকবে।
এদিকে, ‘তিপ্রাসা অ্যাকর্ড’-এর বাস্তবায়ন নিয়ে তাঁর এই বক্তব্য এবং বিজেপির সঙ্গে প্রস্তাবিত উচ্চপর্যায়ের বৈঠকের প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। এখন নজর থাকবে, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিশ্রুতিগুলি কতটা কার্যকর হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*