বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ অক্টোবর || শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা, যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) অনুষ্ঠিত হলো বাগাফা পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে। বুধবার, ২৮ অক্টোবর বিদ্যালয়ে এই পরীক্ষার আয়োজন করা হয়। ম্যাথমেটিক্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ শ্রেণির মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অলিম্পিয়াডে পড়ুয়ারা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গাণিতিক দক্ষতা যাচাই করার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং গণিতের প্রতি আরও গভীর আগ্রহ গড়ে তোলার সুযোগ পায়।
শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটানোই ছিল এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। বিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের শিক্ষামূলক উদ্যোগ পড়ুয়াদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে জ্ঞান অর্জন এবং নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সফল আয়োজনের মধ্য দিয়ে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, বাগাফা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের প্রতি তাদের অঙ্গীকার আরও একবার তুলে ধরেছে।
