নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ সোমবার রাজধানীর বুকে ঘটে যাওয়া দুই রাজনৈতিক দলের সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার দুই রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েন। ধিক্কার, প্রতিবাদ মিছিল এবং সাংবাদিক সন্মেলনে উত্তাল গেরুয়া এবং সবুজ শিবির। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলের উপর বিজেপি’র আক্রমন এবং ধর্মনগরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার শহরে ধিক্কার ও প্রতিবাদ মিছিল সংগঠিত করে রাজ্য তৃণমূল নেতৃত্বরা। শিশুবিহার স্কুলের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। তাছাড়াও তৃণমূল কংগ্রেস ভবনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে সোমবারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, আমাদের টার্গেট সিপিএম, বিজেপি নয়। বেক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না, যেটা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব বাবু করছেন।