আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর ৷৷ ২৮শে অক্টোবর, ২০১৭ (শনিবার) ত্রিপুরার ইতিহাসে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক সীমায় অবস্থিত দুর্গম পাহাড়ী রাজ্যের মানুষ যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারিনে চরম সংকটের সঙ্গে লড়াই করেছেন, স্বপ্ন দেখতেন কবে পথের যন্ত্রনার অবসান হয়। সেই ক্ষেত্রে ত্রিপুরায় রাজধানী এক্সপ্রেস রেলের সম্প্রসারণ গোটা ত্রিপুরাবাসীর জন্য স্মরনীয় তালিকায় লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে যায় বহু আগে, অবশেষে ২৮শে অক্টোবর প্রতীক্ষা উচ্ছ্বাস আনন্দে বাস্তব হয়ে উঠে। বাধারঘাটের ২০৫০১/২০৫০২ আগরতলা-আনন্দ বিহার (দিল্লী) রাজধানী এক্সপ্রেস রেলের শুভারম্ভের স্মরণীয় অনুষ্ঠানে রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই সবুজ পতাকা নেড়ে যাত্রার সংকেত দিতেই শুভক্ষণের সাক্ষী থাকা হাজার হাজার মানুষের আনন্দ উল্লাস প্লাবনের রুপ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, পরিবহণমন্ত্রী মানিক দে, স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, সাংসদ জিতেন্দ্র চৌধুরী, শংকর প্রসাদ দত্ত, বিধায়ক দিলীপ সরকার, এন এফ আর-র জি এম সহ অন্যান্য আধিকারিকরা।
