রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা, লাঠিচার্জ, জখম পুলিশ কর্মী সহ দুই দলের কর্মী সমর্থক

ipftআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে গোটা রাজ্যজুড়ে ফের রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার টাকারজলা বিধানসভা কেন্দ্রের অমরেন্দ্র নগর লাহা সর্দার পাড়া এলাকায় একটি সংঘর্ষে দুই পুলিশ অফিসার সহ রক্তাত্ত হলেন আই পি এফ টি এবং সি পি আই (এম)-র কর্মী সমর্থকরা। এরমধ্যে দুই পুলিশ কর্মীর অবস্থা গুরুতর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় নিরাপত্তা বাহিনীকে। দু’দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিটও হয় বলে খবর। এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর জখম হলেন দুই পুলিশ অফিসার। সেই সাথে দুই শিবিরের জখম হয়েছেন অন্তত আরো ৬ জন। স্থানীয় সুত্রে খবর, এদিন সিপিএম প্রার্থী রমেন্দ্র দেববর্মা তার দলের কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন। আর এদিনই ছিল আইপিএফটি’র সুপ্রীমো এন সি দেববর্মার সভা। অভিযোগ, টাকারজলার অমরেন্দ্র নগর লাহা সর্দার পাড়া এলাকায় পৌঁছতেই শাসক দলের প্রার্থী সহ কর্মীরা মুখোমুখি হয় আইপিএফটি’র প্রচার কর্মীদের সাথে। দুই শিবির পরস্পরের মুখোমুখি হতেই বাদানুবাদে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয় আই পি এফ টি-র কুমার দেববর্মা, পাইকি দেববর্মা এবং সি পি আই (এম)-র গোপাল দেববর্মা, সুখমনি দেববর্মা, বুধিরাই দেববর্মা ও সুবল দেববর্মা। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপাহীজলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় আধা সেনা জওয়ানদেরও। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করতে হয় নিরাপত্তা বাহিনীকে। পরবর্তী সময়ে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়। সংঘর্ষের ঘটনার পর গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*