আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷৷ ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ প্রকল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট মিশন এবং ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে আগরতলার প্রজ্ঞাভবনে ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ (PMVKY)-র আওতায় দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষনের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই প্রথম ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’-র আওতায় প্রশিক্ষন কেন্দ্র চালু হল। মূখ্যমন্ত্রী বলেন, সব বেকারদের সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তবে রাজ্যের নতুন সরকার রাজ্যবাসীর কর্মসংস্থানের জন্য সব ধরনের সহযোগিতা করবে। এর জন্য রাজ্যের বেকার যুবক ও তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা এস প্রভু। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নের শপথ বাক্য পাঠ করান মূখ্যমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী একটি নিউজলেটার উন্মোচন করেন এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদের হাতে শংসাপত্রও তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন সেক্টর স্কীল কাউন্সিলের সাথে রাজ্য সরকারের মৌ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়।
