পূজো পাঠের মধ্যদিয়ে সপরিবারে সরকারি আবাসে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

CM houseআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল ৷৷ অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে ধর্মীয় রীতি নীতি মেনে সপরিবারে সরকারি আবাসে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এতদিন সার্কিট হাউজ সংলগ্ন ভাড় বাড়িতে থেকেই প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন তিনি। সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতেই বুধবার অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে গৃহ প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী। এদিন স্ত্রী নীতি দেব, মাতৃ দেবী ও ছেলে-মেয়ে এবং আত্মীয় পরিজনদেরকে নিয়ে বেলা সাড়ে ১০টা নাগাদ ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী সরণী রোডে থাকা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আনুষ্ঠানিক প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। বাসভবনে প্রবেশের পর হিন্দু শাস্ত্র অনুযায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সহধর্মিণী নীতি দেব পূজার্চনা করেন। মঙ্গল কামনা করেন সারা রাজ্যের মানুষের। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, সমাজ ব্যবস্থায় ব্যক্তি যদি মানসিকভাবে স্বচ্ছ হয় তবে সমাজও এমনিতে স্বচ্ছ হয়ে যাবে।এরজন্য আগে দরকার নিজেদের স্বচ্ছ মানসিকতা সম্পন্ন হওয়া। প্রত্যেককেই সেই মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরী। মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে প্রবেশের সময়ে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জিমন্যাস্ট দীপা কর্মকার, তার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে সহ তাঁর আত্মীয় পরিজনেরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*