খেলাধুলা ডেস্ক, ০৯ জুলাই ৷৷ ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এ ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। প্রথমে গ্রুপ লিগে ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সেমি ফাইনালেও সেই বৃষ্টিই বাধা হয়ে দাঁড়ালো। মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউ জিল্যান্ড। পূর্বাভাস মতোই এদিন ভারতীয় সময় সন্ধে ৬টার কিছু পরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে ৪৬.১ ওভার শেষে কিউইদের রান ২১১/৫। তবে খেলা বন্ধ হলেও বিশ্বকাপের ফাইনাল ও সেমি ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে। আগামিকাল অর্থাৎ বুধবার রিজার্ভ ডে-তে ম্যাচ হবে ভারত বনাম নিউ জিল্যান্ড এর।তবে রিজার্ভ ডে-তে মঙ্গলবার যেখানে ম্যাচ শেষ হয়েছে, সেখান থেকেই খেলা শুরু হবে বুধবার। বুধবার যদি রিজার্ভ ডে-তে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার জন্য ম্যাচটি ভেস্তে যায়, তবে ফাইনালে চলে যাবে ভারত। কারন গ্রুপ লিগে নিউ জিল্যান্ডের থেকে বেশি পয়েন্ট ছিল ভারতের।
এদিকে রিজার্ভ ডে-তে ম্যাচ যাওয়ার আগে কিছু শর্ত রয়েছে।
দুই দলই নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের থেকে ১২০ মিনিট অতিরিক্ত খেলতে পারবে যদি ম্যাচের ফলাফল হয়। সেক্ষেত্রে দুই দলকে অন্তত ২০ ওভার খেলতেই হবে। তখন ডাকওয়ার্থ লুইস নিয়ম প্রযোজ্য হবে।
