বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ নভেম্বর ৷। অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন শান্তির বাজার বিভাগের উদ্দ্যোগে এক জনসম্পর্ক অভিযানের র্যালি সংগঠিত করা হয়। বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার ইউনাইটেড ব্যাঙ্ক সংলগ্ন এলাকা থেকে এই জনসম্পর্ক অভিযানের র্যালি বাজারের বিভিন্ন পথ অতিক্রান্ত করে পুনরায় ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় এসে সমাপ্তি হয়। এদিন র্যালি শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এই র্যালির মধ্য দিয়ে ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকারা রাজ্য সরকারের কাজে আস্থা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ বনিক জানান, আগামী কয়েক মাসের মধ্যে কোর্টের রায় অনুসারে তারা চাকুরিচ্যুত হচ্ছেন। কিন্তু তারা রাজ্য সরকারের জন উন্নয়নমুখী কাজ দেখে আস্থা প্রকাশ করছেন, চাকুরীচ্যুত হবার আগে রাজ্য সরকার তাদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করবেন। তিনি এই র্যালি ও পথসভার মধ্য দিয়ে সকল ১০,৩২৩ জন শিক্ষককে রাজ্য সরকারের উপর আস্থা রাখার জন্য বিশেষ আহব্বান জানান। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক অরবিন্দ শর্মা, রাজ্য সহ-সভাপতি জাহাঙ্গির মিষ্ণা প্রমুখ।জানা যায়, অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্দ্যোগে আগামী ১লা ডিসেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আগরতলায় এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
