আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ সেপ্টেম্বর || এই সুন্দর ও নির্মল পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত সময়টা যেন যুদ্ধে অবতীর্ণ এক সৈনিকের মতো। বক্সনগর ব্লকের অধীনস্ত কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের অন্তর্গত বাতানবাড়ির এক ক্লান্ত জীবন যুদ্ধার নাম হল রাজমোহন সরকার, বয়স ৭০ বছর। স্ত্রী সোখেন বালা সরকার, বয়স ৬৫ বছর। ছেলে সন্তানহীন, অসহায় সম্বলহীন রোগাক্লান্ত এই প্রৌড় দম্পতির জীবনে চলছে চরম সংকট ও দারিদ্র্যতার জ্বালা। একজনের চোখের দৃষ্টি শক্তি কম আর অন্য জনের কথা শোনার ক্ষমতা কম। চোখের জল ছেড়ে কান্নায় রোষ্ঠ গলায় তিনি বলেন, প্রতি মাসে ঔষধ বাবদ চার হাজার টাকার প্রয়োজন। কিন্ত এই বৃদ্ধ বয়সে কোথা থেকে এই অর্থ সঞ্চার করবে? এর জন্য প্রতি নিয়ত হিমসিম খেতে হচ্ছে তাদের। এই বৃদ্ধ দম্পতি জানিয়েছেন, পূর্বতন সরকার তথা বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), একটি অন্তোদ্যয় রেশন কার্ড, স্বাস্থ্য বীমা কার্ড ও রাজমোহন সরকার বয়স্ক ভাতা পেয়েছেন যা প্রতি মাসে ১ হাজার টাকা করে পান। কিন্তু তা দিয়ে সংসার চালাবেন নাকি চিকিৎসা করাবেন তাই হিমসিম খাচ্ছেন তারা। তিনি বলেন, এই বয়সে সংসার পরিচালনায় তিনি কঠিন কোনো কাজ করতে পারছেন না। রেগার কাজের উপর নির্ভরশীল। বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন সময়ে যথেষ্ট সহযোগিতাও করা হত। এখন অনেক দিন ধরে রেগার কাজও হয়না, আর কাজে গেলেও কঠোর পরিশ্রম করতে হয় যা এই বয়সে সম্ভবও নয়।
তিনি বর্তমান বিজেপি সরকারের কাছে একটা মানবিক আবেদন করছেন, সরকার যেন উনাদের প্রতি দয়া ও সহনশীলতার দৃষ্টিতে দেখে তাদের বেঁচে থাকার একটা ব্যবস্থা করে দেয়।
