আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷। ২১শে সেপ্টেম্বর 2000 সালে ভারতবর্ষের হরিয়ানা রাজ্যের একটি ছোট্ট শহর কর্নেল থেকে ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অন্ড অ্যাক্টিভিস্ট তথা নিফা সংস্থার শুভ সূচনা করেন সরদার পৃতপাল সিং পান্নু। দেখতে দেখতে এই সংস্থার ২০টি বছর পেরিয়ে আজ একুশে পা রাখল ‘নিফা’। বিগত 20 বছরে এই সংস্থা দেশের ২৭টি রাজ্যে তার শাখা সংগঠন তৈরি করে রাষ্ট্রীয় একতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং বিভিন্ন সামাজিক গতিবিধি নিয়ে কাজ করতে থাকেন।
২০১৮ সাল থেকে এই সংস্থা রাজ্যের অন্যতম গান্ধীবাদী যুব সংগঠন যুব বিকাশ কেন্দ্রের সঙ্গে মিলিত ভাবে রাজ্যের সাংস্কৃতিক উন্নয়ন এবং একতার উদ্দেশ্যে নানা অনুষ্ঠানের মাধ্যমে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নিফা সংস্থার ২০তম বর্ষপূর্তি উপলক্ষে নিফা ত্রিপুরা রাজ্য শাখা এবং যুব বিকাশ কেন্দ্র যৌথ উদ্যোগে রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃক্ষরোপণ এবং বৃক্ষ রক্ষার’ প্রতি মানুষের আন্তরিক মনোভাব তৈরি করার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্য অনুষ্ঠানটি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সরকারি বাসভবনে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বৃক্ষ রোপনের পর উপ-মুখ্যমন্ত্রী জানান, নিফা এবং যুব বিকাশ কেন্দ্র বরাবরই রাজ্যের ঐতিহ্যকে দশদিগন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নানা অনুষ্ঠান করে যাচ্ছে এবং উনি এই সংস্থার ভবিষ্যতের নানা অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। নিফার ২০তম বর্ষপূর্তির এই দিনে উপ-মুখ্যমন্ত্রী এই সংস্থার সকল সদস্যদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিফা এবং যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার, ঐশো বাণী সোসাইটির ডাইরেক্টর ফাদার জীবন, সংস্থার সহ-সভাপতি অনুপম দেবনাথ, মনীষা দেববর্মা, প্রতিমা দেববর্মা, সুমিত্রা দেবনাথ, সুকান্ত সরকার, প্রণব দেব, মনিশ দেবনাথ, হেমা চৌধুরী, প্রমূখ। সংস্থার সভাপতি দেবাশীষ মজুমদার জানায় আগরতলার পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি জেলায় সংগঠনের কার্যকর্তাদের সহযোগিতায় এদিন কৈলাশহর, ছামনু, দেবীপুর, রাজনগর, উদয়পুর, খোয়াই এবং সোনামুড়া বিভিন্ন স্থানে বৃক্ষরোপন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আগামী দিনেও রাজ্যের উন্নতির জন্য নানা সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ড এভাবেই আয়োজিত হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।