আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৭ এপ্রিল || প্রেমিক যুগালের সামান্য একটি এস এম এস’কে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত্র আনুমানিক এগারোটা নাগাদ কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের বক্সনগর ব্লক টিলা এলাকার মোতালেব মিয়ার বাড়িতে একই গ্রামের হরেকৃষ্ণ সরকারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি টিম সন্ত্রাস চালায়। ভাংচুর করে বাড়ী ঘর, মারধোর করে মোতালেবের স্ত্রী ও বড়ো ছেলে ফারুক ইসলামকে। তারা দা, রড, লাঠি নিয়ে মারমুখী হামলা চালায় বলে অভিযোগ। হরেকৃষ্ণ সরকারের লাঠিহাল বাহিনী প্রেমিক সাইফুল ইসলাম সহ তার গোটা পরিবারের লোকজনদের প্রচন্ড মারধোর করে ও ৫০ হাজার টাকাসহ দুটি সোনার চেইন হামলাকারীরা নিয়ে যায় বলেও অভিযোগ। হামলাতে প্রেমিকের বড়ো ভাই ফারুক ইসলামের মাথায় প্রচন্ড আঘাত লাগে। তাতে তার মাথায় ৬টি সেলাইও লাগে। তার মায়ের শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে বেদম পেটায় বলে অভিযোগ। এই ঘটনার খবর এলাকাবাসী জানতে পেয়ে ঘটনাস্থলে আসতেই লাঠিয়াল বাহিনী পালিয়ে যায়। পরবর্তী সময়ে এলাকার লোকজন তাদের বক্সনগর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে রেফার করেন। অবশেষে একদিন চিকিৎসা করার পর ছুটি নিয়ে শনিবার বাড়িতে চলে আসেন সকলেই। এদিকে ছেলের বাড়ির পক্ষ থেকে প্রেমিকার বাবা সহ প্রায় ১০ জনের নামে কলমচৌড়া থানায় একটি মামলা রুজু করেন। খবর সূত্রে জানা যায়, একই এলাকার হরেকৃষ্ণ সরকারের মেয়ে টুম্পা সরকার (১৮) ও মোতালেব মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১৮) দীর্ঘ পাঁচ বছর যাবত দুজন দুজনকে ভালোবাসে। এর আগে কয়েকবার মেয়েটি ছেলেটির বাড়িতে চলে আসে। কিন্তু ছেলের মা তাকে অনেক বুঝিয়ে আবার মেয়ের বাড়িতে বাবার কাছে পৌঁছে দেয়। এই ঘটনার দুই সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা যায়। পরবর্তী সময়ে এই ঘটনাটি বিরাট আকার ধারণ করতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা। এই ঘটনায় কলমচৌড়া থানার পুলিশ তদন্ত শুরু করে।
