বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুলাই || শান্তির বাজার মহকুমায় বিভিন্ন জায়গা রয়েছে যে গুলোর মধ্যে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়। ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী শান্তির বাজার মহকুমার স্বাস্থ্যকেন্দ্র গুলি পরিদর্শনে এসে এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে পর্যটন কেন্দ্রর জায়গা গুলি পরিদর্শন করলেন। এই জায়গাগুলো হলো কলসী ব্যারেজ ও পশ্চিম পিলাক এলাকায় প্রাকৃতিক মনোরম দৃশ্যেভরা জলাশয়। এই দুইটি জায়গা সঠিকভাবে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে বহিঃরাজ্যের লোকজনের সমাগম ঘটবে ও এলাকার লোকজনের কর্মসংস্থান হবে বলে দাবী এলাকাবাসীর। কলসী ব্যারেজে মুহুরী নদীর উপর বাঁধ দিয়ে কৃষি কাজের জন্য জল সংগ্রহ করা হয়। এই জায়গায় প্রত্যেক পৌষ সংক্রান্তিতে মেলা অনুষ্ঠিত হয়। এই এলাকাটি সম্পূর্ন প্রাকৃতিক মনোরম দৃশ্যে পরিপূর্ন। তাই এলাকার লোকজনের দাবী এই জায়গায় একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক। এলাকাবাসীর দাবী পূরণে পর্যনটন মন্ত্রী জায়গাগুলি পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে এই জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে বলে জানান।
