আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি || রাজ্যে করোনার বাড়বাড়ন্তের ফলে এবার অফলাইন থিওরি ক্লাস বন্ধ ঘোষণা করা হলো মেডিকেল কলেজগুলোতে। মঙ্গলবার রাজ্য সরকারের চিকিৎসা শিক্ষা দপ্তরের (Directorate of Medical Education) তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১৫ই জানুয়ারি, ২০২২ পর্যন্ত রাজ্যের আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এ জি এম সি), ত্রিপুরা মেডিকেল কলেজ (টি এম সি), আর আই পি এস এ টি, টিপস হাপানিয়া (টি আই পি এস) সহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্যারামেডিকেল, নার্সিং, ফার্মেসি প্রতিষ্ঠানে অফলাইন থিওরি ক্লাস বন্ধ রাখতে হবে। তবে যে সকল প্রতিষ্ঠানে পরীক্ষা চলছে, শুধুমাত্র সেই সকল প্রতিষ্ঠানে সম্পূর্ণ কোভিড বিধি মেনে পরীক্ষা চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এম বি বি এস, এ এন এম, জি এন এম ইত্যাদি এবং পি জি (এম ডি/এম এস) এবং পি জি ডিপ্লোমা কোর্সের ইন্টার্নশিপ ট্রেনিং পোগ্রাম চলবে যথারীতি।
