আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || রাজ্যে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার কথা মাথায় রেখে এবার প্রাক প্রাথমিক থেকে ৭ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের সমস্ত ক্লাস পুরোপুরি বন্ধ রাখার কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। শনিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, ১৭ই জানুয়ারী থেকে আগামী ৩০শে জানুয়ারী, ২০২২ পর্যন্ত রাজ্যের প্রাক প্রাথমিক থেকে ৭ম শ্রেণী পর্যন্ত ক্লাস পুরোপুরি বন্ধ থাকবে।
পাশাপাশি তিনি জানান, অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের ৫০ শতাংশ পড়ুয়ারা উপস্থিতি থাকতে পারবে। তবে সেই ক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নিয়ে তারা স্কুলে যেতে পারবে বলে জানান তিনি।
এই মর্মে এদিন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইন্সটিটিউটে ৫০ শতাংশ পড়ুয়ারা উপস্থিতি থাকতে পারবে। আগামী ১৭ই জানুয়ারী থেকে বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের হোস্টলগুলো খালি করে দিতে হবে। তবে বিজ্ঞপ্তিতে টিচিং এবং নন-টিচিং স্টাফদের যথারীতি উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
