আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || সম্প্রতি ত্রিপুরা সরকার রাজ্যে কর্মরত চা শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য “মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প” ঘোষণা দিয়েছে। এইজন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাজ্যের বিভিন্ন বাগানের চা শ্রমিকরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম জেলার অন্তর্গত দুর্গাবাড়ি চা সমবায় সমিতি পরিচালিত সিমলা বগানের শ্রমিকরা ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
এই উপলক্ষে প্রথমে সিমনাছড়া বাগানের অফিসে সভার আয়োজন করা হয়। তারপর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে মিছিল করা হয়। মিছিলটি বাগান থেকে শুরু হয়ে স্থানীয় বাজার পরিক্রমা করে আবার বাগানে এসে শেষ হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বোর্ড অফ ডিরেক্টর এবং দুর্গাবাড়ি চা সমবায় সমিতির মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী, দুর্গাবাড়ী চা বাগান শ্রমিক সমিতির সম্পাদক বংশী তাঁতি, সমাজসেবী অবনী মল্লিক, সিমনা গ্রাম পঞ্চায়েত প্রধান বিপ্লব দেব প্রমুখ।
