আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || কাঞ্চনপুর সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার সকালে কাঞ্চনপুর গিয়ে বেশকিছু কর্মসূচীতে যোগ দিলেন তিনি। এদিন কাঞ্চনপুরের লালজুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও কস্তুর্বা গান্ধী ছাত্রী আবাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী দশদা আর ডি ব্লকের অন্তর্গত বড়ছড়া বিদ্যালয়ের ১০০ শয্যা বিশিষ্ট নব নির্মিত ছাত্রাবাসের শুভ সূচনা করেন।
এদিন মুখ্যমন্ত্রী ১০০ শয্যা বিশিষ্ট নব নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করে বলেন, জনজাতিদের আর্থ সামাজিক জীবনমান বিকাশের পাশাপাশি সময়োপযোগী জাতীয়মানের শিক্ষার সুযোগ সম্প্রসারণ আমাদের অন্যতম প্রাধান্য। তিনি বলেন, একজন জনজাতি বোনকেও যেন দূর থেকে জল সংগ্রহ করতে না হয়, সেই লক্ষ্যে কেন্দ্রীয় লক্ষ্যমাত্রার আগেই প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয়জল সহ সমস্ত নাগরিক অধিকার পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে দ্রুততার সাথে বাস্তবায়িত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অবস্থানরত রিয়াং উদবাস্তুদের দীর্ঘপ্রতিক্ষিত সমস্যার স্থায়ী সমাধান ও সমৃদ্ধশালী ভবিষ্যত সম্ভবপর হয়েছে।
এদিন লালজুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও কস্তুর্বা গান্ধী ছাত্রী আবাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের শিক্ষা পরিকাঠামোকে ঢেলে সাজিয়ে তুলছে। এন সি ই আর টি সিলেবাস থেকে শুরু করে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করার মতো বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়ে চলছে রাজ্য সরকার। তিনি বলেন, বর্তমান সরকারের বহুমুখী বিকাশ ধারায় ত্রিপুরা ভূস্বর্গ রূপে উঠে এসেছে। মাতৃ সশক্তিকরণ ও সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধির পাশাপাশি কেন্দ্র রাজ্য সমস্ত পরিষেবার সুফল অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। রেগায় শ্রমদিবস বৃদ্ধি, সামাজিক ভাতার বর্ধিত অর্থরাশির সিদ্ধান্ত, আবাস যোজনায় ঘর সহ সঠিক ব্যবস্থাপনায় মাথা পিছু গড় আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
