আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। সন্ধ্যায় বিজেপি বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে এলো রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহার। এই বৈঠকে বেশ কয়েক জন বিধায়ক, মন্ত্রী, প্রভারি সহ দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তিনি। বিজেপি দল এবং রাজ্য সরকারের ভালোর জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
