রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সম্পন্ন হল ভোট গ্রহণ প্রক্রিয়া, ভোট দিলেন বিধানসভার সদস্যরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || দেশের পরবর্তী রাষ্ট্রপতির জন্য সম্পন্ন হয় নির্বাচন প্রক্রিয়া। সোমবার ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া হয় গোটা দেশে। গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিধানসভার লেবিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়।
ত্রিপুরা থেকে ৬০ জন বিধায়ক ও ২ জন সাংসদ মিলিয়ে মোট ৬২ জন ভোট দেওয়ার কথা ছিল। এর মধ্যে ৩৬ জন বিজেপি বিধায়ক, ৮ জন রাজ্য সরকারের শরিক আই পি এফ টি দলের বিধায়ক, ১৫ জন রাজ্যের প্রধান বিরোধী দল সি পি আই (এম) এবং এক জন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। রাজ্যের দুইজন সাংসদ প্রতিমা ভৌমিক ও রেবতী কুমার ত্রিপুরা ভোট দেন দিল্লির সাংসদ ভবনে।
এদিন ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, মন্ত্রী রাম প্রসাদ পাল, মন্ত্রী সান্তনা চাকমা, বিরোধী দলনেতা মানিক সরকার, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ মন্ত্রীসভা ও ত্রিপুরা বিধানসভার অন্যান্য সদস্যরা।
ভোট-গণনা হবে আগামী ২১শে জুলাই। রাষ্ট্রপতি নির্বাচনে এন ডি এ প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী ‌শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌হার লড়াইয়ে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেওয়ার কথা ছিল। জয় নিয়ে আশাবাদী রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মু।
২৫শে জুলাই নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪শে জুলাই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*